তথ্য চুরির অভিযোগে ইন্সটাগ্রামের বিরুদ্ধে মামলা

১৩ আগষ্ট, ২০২০ ১৭:৩০  
গ্রাহকের তথ্য চুরির অভিযোগে দায়ের করা মামলায় কাঠগড়ায় ইন্সটাগ্রাম। খবর গ্যাজেটসনাও মামলায় অভিযোগ উঠেছে, গ্রাহকদের “বায়োমেট্রিক ডাটা” অবৈধ ভাবে সংগ্রহ করছে ইন্সটাগ্রাম। এই কাজটি করছে তাদের “ফটো-ট্যাগিং” ফিচারের মাধ্যমে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, গ্রাহকদের অনুমতি ছাড়াই এবং তাদের অগোচরে ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের “বায়োমেট্রিক ডাটা” অবৈধ ভাবে সংগ্রহ, সংরক্ষণ এবং আর্থিক লাভের জন্য ব্যবহার করছে মূলপ্রতিষ্ঠান ফেসবুক। ইন্সটাগ্রামের তথ্য চুরির বিরুদ্ধে করা এই মামলার বিবরণীতে বলা হয়, ফেসবুক ১০ কোটিরও বেশি ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করেছে। যা এ বছরের শুরু থেকেই গ্রাহকের অজান্তেই করে আসছে ফেসবুক। বিবরণীতে আরও বলা হয়, প্রতি আইন লঙ্ঘনের জন্য ১ হাজার মার্কিন ডলার এবং ঝুঁকিপূর্ণ ও ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এমন কাজের জন্য ৫ হাজার মার্কিন ডলার জরিমানা গুনতে হবে ফেসবুককে।